গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ
আজ বুধবার (১৬ আগস্ট) গিটারের জাদুকর, কিংবদন্তি আইয়ুব বাচ্চুর জন্মদিন। বেঁচে থাকলে তার বয়স হত ৬১ বছর। বাংলা ব্যান্ড সংগীতকে যিনি অন্য উচ্চতায় নিয়ে গেছেন তাদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চু। আশির দশক থেকে মৃত্যুর আগ পর্যন্ত গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন। তার গিটারের জাদুতে মোহিত হয়েছেন শ্রোতারা।
আইয়ুব বাচ্চুর শৈশব কাটে চট্টগ্রামে। কৈশোরের চঞ্চল সময় থেকেই পাশ্চাত্য রক ধাঁচের গানের প্রতি আকৃষ্ট হন। একসময় গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘গোল্ডেন বয়েজ’। পরে এর নাম পাল্টে রাখেন ‘আগলি বয়েজ’। বিয়েবাড়ি, জন্মদিন আর ছোটখাটো নানা অনুষ্ঠানে গান করতো তাদের এই ব্যান্ড।
আরও পড়ুন: শুভ নববর্ষে ঐতিহ্যবাহী সাজে মিম, ছবি দেখে মুগ্ধ ভক্তরা
তবে একসময় গিয়ে এই ব্যান্ডের সদস্যরা একেক দিকে ছড়িয়ে পড়েন। সত্তরের দশকের শেষ দিকে কাজ করেন ‘ফিলিংস’ ব্যান্ডের সঙ্গে যা এখন ভক্তদের কাছে ‘নগর বাউল’ নামে পরিচিত।
এরপর আশির দশকের শুরুতে আইয়ুব বাচ্চু যোগ দেন ‘সোলস’ ব্যান্ডে। এখানে ১৯৮৯ পর্যন্ত লিড গিটারিস্টের দায়িত্ব পালন করেন। এ সময় পর্যন্ত একের পর এক জনপ্রিয় অ্যালবাম উপহার দেন শ্রোতাদের।
আরও পড়ুন: আশা ভোঁসলের মৃত্যুতে শোকাহত রুনা -সাবিনা
সোলসে থাকার সময়ই আইয়ুব বাচ্চু একক কিছু অ্যালবামও বের করেন। তার প্রথম দুটি একক অ্যালবামের নাম রক্ত গোলাপ (১৯৮৬) ও ময়না (১৯৮৮)।
নব্বইয়ের দশকের শেষ দিকে তিনি ‘সোলস’ থেকে বের হয়ে ‘এলআরবি’ গঠন করেন। মৃত্যুর আগে পর্যন্ত এই ব্যান্ডের সঙ্গেই ছিলেন আইয়ুব বাচ্চু। আইয়ুব বাচ্চু ১৮ই অক্টোবর ২০১৮ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার সম্মানে জন্মস্থান চট্টগ্রামে ২০১৯ সালে ‘রুপালি গিটার’ নামে একটি ভাস্কর্য স্থাপন করা হয়।





