ভয়াবহ দুর্ঘটনার মুখে অক্ষয়-টুইঙ্কেল

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:২১ অপরাহ্ন, ২১ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৪ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পথে জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

জানা গেছে, দম্পতির ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফিরছিলেন অক্ষয়-টুইঙ্কেল। বিমানবন্দর থেকে বের হওয়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: মেসিকে ঘিরে মন্তব্যের জেরে ওমর সানি–জয়ের পাল্টাপাল্টি পোস্ট

ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে। পরে সেটি অভিনেতার বিলাসবহুল গাড়িতেও আঘাত করে। মুহূর্তের মধ্যেই চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন। বিষয়টি ঘিরে সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন: বন্যাদুর্গত, বৃদ্ধ-শিশু ও প্রাণীদের জন্য যে বার্তা দিলেন জয়া আহসান

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, ২০০১ সালে বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয় কুমারের বিয়ে হয়। চলতি বছর দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে তারা বিদেশ সফরে গিয়েছিলেন। সেই সফর শেষে দেশে ফেরার পথেই এই দুর্ঘটনার মুখে পড়েন তারকা দম্পতি।