চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৮ অপরাহ্ন, ০৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে একটি গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস উইং জানায়, অক্টোবরের শেষ দিকে প্রধানমন্ত্রী জাপান সফরে যাবেন। তবে ঠিক কোন তারিখে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সফরে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুন: প্রথমবারের মতো লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বিপক্ষীয় আলোচনার সময় জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন। একই সময়ে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।

জাপানের পক্ষ থেকে আমন্ত্রণ পাওয়ার পর বাংলাদেশও দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

আরও পড়ুন: এলপিজির দাম বেশি নিলে সরকার ব্যবস্থা নেবে : তথ্য উপদেষ্টা

চার দিনের এই সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে। তবে সফরের আনুষ্ঠানিক কর্মসূচি ও আলোচ্যসূচি এখনো বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি।