১৬ ডিসেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত এ রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবের অন্যান্য গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আরও পড়ুন: চালু হলো ঢাকা-পাবনা রুটে নতুন এক জোড়া আন্তঃনগর ট্রেন

রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থাও রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট, ট্রাক উল্টে ছড়াল মালামাল