নারী-পুরুষের ২০ দল নিয়ে শুরু হচ্ছে ডিএনসিসি কাপ, উদ্বোধন করলেন মন্ত্রী

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:২১ অপরাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তৃণমূল থেকে নতুন ফুটবল প্রতিভা তুলে আনা এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ-২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। নারী ও পুরুষ বিভাগে ২০টি দল নিয়ে আগামী ৪ ডিসেম্বর থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন মাঠে শুরু হবে এ প্রতিযোগিতা। সোমবার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

আরও পড়ুন: ডিসেম্বরে শুরু হচ্ছে ‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

আরও পড়ুন: রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি ও ছুরিকাঘাত

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন কেবল রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়। নগরবাসীর সুস্থতা নিশ্চিত করা এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি করতে ভূমিকা রাখে। খেলাধুলার সুযোগ বাড়ানো গেলে তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সহজ হবে। অনুষ্ঠানে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, নগরবাসীকে সেবা দেওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাও সিটি করপোরেশনের দায়িত্ব।

তিনি জানান, আগামী ৪ ডিসেম্বর ডিএনসিসির বিভিন্ন এলাকার মাঠে একযোগে প্রতিযোগিতার খেলা শুরু হবে। আয়োজন সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দল পরিচালকদের সহযোগিতা কামনা করেন তিনি। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো, ট্রফি ও বিভিন্ন দলের জার্সি উন্মোচন করা হয়।

নারী ও পুরুষ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে যেসব দল

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, টুর্নামেন্টে পুরুষ ও নারী বিভাগে ১০টি করে মোট ২০টি দল অংশ নেওয়ার কথা রয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি এলাকার প্রতিনিধিত্বকারী দলগুলো এ প্রতিযোগিতায় অংশ নেবে।

পুরুষ বিভাগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রয়েছে—উত্তরা রয়্যালস, মিরপুর রয়্যাল কিংস, মহাখালী ম্যাভেরিকস, মোহাম্মদপুর টাইগার্স, এফসি দিয়াবাড়ি রোভার্স, দক্ষিণখান ডমিনেটর্স, উত্তরখান ব্রেভার্স, ভাটারা ভাইকিংস ও বাড্ডা চ্যালেঞ্জার্স।

অন্যদিকে নারী বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তরা কুইনস, মিরপুর রয়্যাল কুইনস, মহাখালী মার্ভেলস, মোহাম্মদপুর পার্লস, এফসি দিয়াবাড়ি ভ্যালকিরিজ, দক্ষিণখান ড্যাশার্স, উত্তরখান টাইগ্রেসেস, ভাটারা ভরটেক্স ও বাড্ডা লাইটনিং। প্রতিযোগিতার ম্যাচগুলো মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুরসহ চারটি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসির বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাবেক ফুটবলার আলফাজ ও কায়সারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং নারী-পুরুষ উভয়ের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করেছে ডিএনসিসি।