১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩৪ অপরাহ্ন, ২২ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৭৭ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ, জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বন্ধক রাখা সম্পত্তি প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম দামে নিলামে বিক্রি দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন।

আরও পড়ুন: রাজনৈতিক ব্যক্তিদের পরিচালক হওয়ার পথে আসছে নিষেধাজ্ঞা

এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন। অভিযোগের বিষয়টি এখন দুদকের অনুসন্ধানের আওতায় রয়েছে। এদিকে দুদকের অনুসন্ধানের খবরের মধ্যে মাসরুর আরেফিনের বিদেশযাত্রা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, অনুসন্ধানের খবর পেয়ে তিনি দেশ ছাড়ছেন।

তবে এ অভিযোগের বিষয়ে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জা ভিন্ন তথ্য দিয়েছেন। তাঁর ভাষ্য, ২২ নভেম্বর অফিসিয়াল কাজে কায়রো যাচ্ছেন মাসরুর আরেফিন। আগামী ৩০ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: সোনার দামে বড় পতন, দুই দিনে ভরিতে কমল ১৭ হাজার টাকা

ইয়াহিয়া মির্জা আরও দাবি করেন, এ সফরের অনুমতি নেওয়া হয়েছে এবং দুদকও বিষয়টি জানে।

দুদক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববারের আগে মাসরুর আরেফিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। ফলে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়টি এখনো নিশ্চিত নয়।

দুদকের নির্দেশনায় বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে কোনো ব্যাংক হিসাব অবরুদ্ধ কিংবা সম্পদ-সম্পত্তি ক্রোক করা হলে লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে জানাতে হবে। অভিযোগটির অনুসন্ধান দুদক আইন, ২০০৪ এবং দুদক বিধিমালা, ২০০৭ অনুযায়ী সম্পন্ন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর দায়িত্বে রয়েছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তিনি আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন।

তবে দুদকের অনুসন্ধান এখনো চলমান। অভিযোগের সত্যতা কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি।