থালাপতি বিজয়ের ২৭ বছরের সংসারে ভাঙন

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬ | আপডেট: ৬:৪৪ অপরাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ২৭ বছরের সাজানো সংসারে কি তবে সত্যিই বিচ্ছেদের সুর? দীর্ঘদিনের স্ত্রী সঙ্গীতা সোরনালিগমের সঙ্গে তার দূরত্ব এখন টক অব দ্য টাউন। তবে বিচ্ছেদের গুঞ্জনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা। সম্প্রতি চেন্নাইয়ের এক বিয়েবাড়িতে এই জুটিকে একসঙ্গে দেখার পর ভক্তদের মনে প্রশ্ন উঠেছে, তবে কি সম্পর্কে সিলমোহর দিলেন এই দুই তারকা?

সম্প্রতি চেন্নাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয় ও তৃষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিজয় গাড়ি থেকে ফুলের তোড়া হাতে নামছেন আর তার ঠিক পেছনেই হেঁটে আসছেন তৃষা। জনসমক্ষে এভাবে তাদের উপস্থিতি নেটপাড়ায় আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের একাংশ তাদের ব্যক্তিগত সম্পর্ক ও নৈতিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন: ডিভোর্স আমি দিয়েছিলাম: রবি চৌধুরীর অভিযোগের জবাব ডলি সায়ন্তনীর

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা সোরনালিগম নাকি ইতোমধ্যেই পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের এমন সংবাদে হতাশ বিজয়ের অগণিত ভক্ত।

এই বিতর্কের মধ্যেই নতুন মাত্রা যোগ করেছেন বিজয়ের দেহরক্ষী অরুণ সুরেশ। বিয়েবাড়িতে বিজয় ও তৃষার পৌঁছানোর ঠিক আগেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, ‘সব গুঞ্জনকে সরিয়ে এবার উঠে দাঁড়ানোর সময় এসেছে।’ যদিও পোস্টটি কিছুক্ষণ পরই মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা নিয়ে শুরু হয়েছে নতুন ধোঁয়াশা।

আরও পড়ুন: মিরপুর ডিওএইচএসে অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা

বিজয় ও তৃষার রসায়ন নতুন কিছু নয়। ২০০৪ সালে ‘গিল্লি’ সিনেমার মাধ্যমে এই জুটির জয়যাত্রা শুরু। এরপর টানা কয়েকটি সফল সিনেমা উপহার দিলেও ২০০৮ সালের পর দীর্ঘ ১৪ বছর তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। গুঞ্জন রয়েছে, সে সময় তাদের সম্পর্ক নিয়ে বিজয়ের পরিবারে অশান্তি চরম পর্যায়ে পৌঁছায়, যার ফলে দীর্ঘ বিরতি নিতে বাধ্য হন তারা।

বর্তমানে এই তারকা জুটির এই উপস্থিতি ব্যক্তিগত জীবনের কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত কি না, তা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তবে এ বিষয়ে থালাপতি বিজয় বা তৃষা কৃষ্ণনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।