প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির নেতাদের সংলাপ, ফ্যাসিস্টের ঐক্যবদ্ধভাবে মোকাবিলার প্রতিশ্রুতি
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপ শুরু
- ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম
- ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করার প্রতিশ্রুতি
- জাতীয় ঐক্য সীমাবদ্ধ থাকলে চলবে না, সুস্পষ্ট ভিত্তি, নীতিগত অঙ্গীকার থাকতে হবে
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। গতকাল সোমবার সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জাতীয় ঐক্য এবং ফ্যাসিবাদী শক্তির অপতৎপরতা মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপ শুরু করেছে সরকারি দল বিএনপি।
এর আগে দুপুর সোয়া ১টার দিকে তাঁর নেতৃত্বে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে এনসিপির এক প্রতিনিধিদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে প্রথম দল হিসেবে এনসিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষই দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন। প্রধানমন্ত্রীর পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহদী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বৈঠক শেষে এনসিপির নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন। সংলাপে এনসিপির পক্ষ থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ কার্যকর করা, জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ত্বরান্বিত করা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ড ও সহিংসতার বিচার নিশ্চিত করা। এ ছাড়া সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের বিষয়টিও এনসিপির পক্ষ থেকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেয় সরকার। তবে এনসিপি জানিয়েছে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান অব্যাহত থাকবে। তবে দলটির মতে, জাতীয় ঐক্য কেবল সাময়িক রাজনৈতিক সমঝোতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সুস্পষ্ট ভিত্তি, নীতিগত অঙ্গীকার এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর ধারাবাহিক সংলাপ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনার পরিকল্পনা রয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা, সহনশীলতা ও ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি। এ সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্যের নতুন ক্ষেত্র তৈরি হলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা আরও সুসংহত হতে পারে।
আরও পড়ুন: নোট অব ডিসেন্টসহ স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন হবে: মাহদী আমিন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সংলাপ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গঙ্গা চুক্তি নতুন করে হলে ভারতের কাছে বাংলাদেশের কঠোর বার্তা দিতে হবে এবং পানির হিস্যা যাতে ন্যায্য থাকে—তা নিশ্চিত করতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলাপ করেছি।
নাহিদ ইসলাম বলেন, আমরা সরকারকে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে বলেছি। সেই সঙ্গে ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বলেছি। এ ছাড়া সংবিধান সংশোধন সম্পর্কিত একদলীয় কমিটি জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে, আমরা সেই কমিটি বাতিলের সুপারিশ করেছি।
আরও পড়ুন: সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন
তিনি বলেন, এই লড়াই আওয়ামী লীগের সঙ্গে লড়াই না, তাদের আমরা ৫ আগস্টেই পরাজিত করেছি। এখনকার লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা বাজে প্রচারণা চালাচ্ছে। গতকালও হিন্দুত্ববাদী সংগঠন কর্তৃক সীমান্তের কাছে বাংলাদেশবিরোধী সমাবেশ করেছে, যেখানে পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু নেতাও যুক্ত হয়েছে। অথচ, সংখ্যালঘুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ আমলে। আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে শুধু আলোচনার জন্য আলোচনা নয়, আলোচনা যাতে ফলপ্রসূ হয়। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য প্রয়োজন।
তবে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও সুসংহত করতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যেখানে সবার মতপ্রকাশের স্বাধীনতা থাকবে। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে গণমানুষের অধিকারকে প্রাধান্য দিতে হবে।
তিনি আরও বলেন, সব সময় জাতীয় স্বার্থে ঐক্যের বিষয়ে আলোচনা হয়েছে। মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার।
তিনি বলেন, পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে। সরকারের সংস্কার কার্যক্রম প্রসঙ্গে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানও সেদিন দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা একান্তে কথা বলেন। সেই ধারাবাহিকতায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হয়েছে। প্রথম দল হিসেবে এনসিপির নেতারা দুপুরে সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।





