থালাপতি বিজয়ের শপথের পর তৃষার পোস্টে নতুন জল্পনা, সম্পর্ক নিয়ে ফের চর্চা তুঙ্গে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ২:০০ পূর্বাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তামিলনাড়ুর ১৩তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। আর তার শপথগ্রহণের পরই অভিনেত্রী তৃষা কৃষ্ণানের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে সম্পর্কের জল্পনা। সোমবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তৃষা লিখেছেন, “ভালোবাসা সবসময় সোচ্চার।” একই সঙ্গে নিজের প্রিয় মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

গত ১০ মে চেন্নাইয়ে অনুষ্ঠিত থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃষা। অনুষ্ঠানে বিজয়ের প্রথম ভাষণের সময় তাকে আবেগপ্রবণ হতে দেখা যায়। এছাড়া বিজয়ের পরিবারের সদস্যদের সঙ্গে তৃষার সৌহার্দ্যপূর্ণ মুহূর্তের কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়া: পূজা চেরী

অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীরা তার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে মৃদু হেসে তৃষা বলেন, “ধন্যবাদ। আগামীর অপেক্ষায়।” তার এই মন্তব্যও নতুন করে কৌতূহল বাড়িয়েছে ভক্তদের মধ্যে।

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণানের সম্পর্ক নিয়ে গুঞ্জন বহুদিনের। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ঘিল্লি’ সিনেমা থেকে শুরু করে সাম্প্রতিক ‘লিও’ পর্যন্ত একসঙ্গে একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই জুটি। তাদের অনস্ক্রিন রসায়ন বরাবরই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুন: আসছে ফেউ এর দ্বিতীয় সিজন

২০২৪ সালের জুনে বিজয়ের জন্মদিনে তৃষা একটি অপ্রকাশিত ছবি শেয়ার করে লিখেছিলেন, “শুভ জন্মদিন সবথেকে ভালো মানুষ।” এরপর থেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা আরও জোরালো হয়।

এদিকে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্যক্তিগত জীবনে থালাপতি বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গমের মধ্যে বিচ্ছেদের আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তার স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছে।