মেসিকে ঘিরে মন্তব্যের জেরে ওমর সানি–জয়ের পাল্টাপাল্টি পোস্ট
ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ঢালিউড অভিনেতা ওমর সানির একটি ফেসবুক মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ার পর দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্যের ঘটনা ঘটে। জয় তার পোস্টে লেখেন, ‘ওমর সানি ভাই মেসিকে ... বলেছেন। ৯০ দশকে দেখতাম সিনেমাতে মৌসুমী ওমর সানিকে চাবুক মারত। কেন মারত এখন বুঝেছি।’
এর জবাবে অভিনেতা ওমর সানি নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়কে উদ্দেশ করে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘শোন শাহরিয়ার নাজিম জয়, তোর আপা মৌসুমী শুটিংয়ে তুলার তৈরি চাবুক ব্যবহার করেছে। আর তোরে মারার জন্য অরিজিনাল চাবুক অর্ডার দিছি, তুই রেডি থাকবি।’
আরও পড়ুন: বন্যাদুর্গত, বৃদ্ধ-শিশু ও প্রাণীদের জন্য যে বার্তা দিলেন জয়া আহসান
তবে ওই পোস্টের শেষেই তিনি ‘সাবজেক্ট খেলাধুলা, ফান’ উল্লেখ করে বিষয়টিকে রসিকতা হিসেবে উপস্থাপন করেন।
এরপর শাহরিয়ার নাজিম জয় আবারও একটি পোস্ট দেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ওমর সানি কেন, কতজনই তো চাবুক মেরে যাচ্ছে। কারণে অকারণে।’
আরও পড়ুন: ৩২ হাজার প্রতিযোগীকে হারিয়ে ডিজনির ‘মোয়ানা, কে এই নতুন তারকা?
ছবিটিতে ওমর সানিকে চাবুক হাতে এবং জয়কে আঘাত করার দৃশ্য কল্পিতভাবে দেখানো হয়েছে। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ব্যবহারকারী বিষয়টি নিয়ে রসিকতা করলেও কেউ কেউ এ ধরনের প্রকাশ্য বাক্যবিনিময়কে অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবল ও বিনোদনজগতের বিভিন্ন ইস্যুতে তারকাদের মন্তব্য ঘিরে আলোচনা বাড়ছে। মেসিকে নিয়ে ওমর সানির মন্তব্য এবং তা ঘিরে জয়ের প্রতিক্রিয়াও সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।





