আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১:০৮ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০৯ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বলিউডে একের পর এক তারকাকে ঘিরে প্রাণনাশের হুমকির ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সালমান খানের পর এবার হত্যার হুমকির খবর সামনে এসেছে বলিউড সুপারস্টার আমির খানকে ঘিরে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্ট ও ভয়েস নোটে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে। এতে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও উঠে এসেছে।

ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস নোটে অভিযোগ করা হয়েছে, আমির খান নাকি তথাকথিত ‘লাভ জিহাদ’কে উৎসাহিত করছেন। সেই অভিযোগের জেরে তাকে ‘চরম মূল্য’ দিতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। বার্তায় আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই নামের দুই ব্যক্তি নিজেদের লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!

তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই হুমকি বার্তার সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতী জানিয়েছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস নোটের সত্যতা যাচাই করা হচ্ছে। তিনি বলেন, এখন পর্যন্ত আমির খান বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি। তবুও বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: নিজের ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

এদিকে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী (শহর) যোগেশ কদম জানিয়েছেন, আমির খান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই তার সঙ্গে যোগাযোগ করা হবে। পরিস্থিতি মূল্যায়ন করে অভিনেতার নিরাপত্তা আরও জোরদার করা হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার বলিউড অভিনেতা সালমান খানও লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে প্রাণনাশের হুমকি পেয়েছেন। সেই ঘটনার জের ধরে তার নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছিল। এবার একই গ্যাংয়ের নাম আমির খানকে ঘিরে আলোচনায় আসায় বলিউডে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে এ মুহূর্তে হুমকির বার্তার সত্যতা বা এর সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রকৃত সম্পৃক্ততা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য প্রকাশ করেনি মুম্বাই পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।