মিথিলা-সৃজিতের সম্পর্কে কি সত্যিই ভাঙ্গন? সৃজিতের মন্তব্যে নতুন জল্পনা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:২২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:৪০ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুই বাংলার শোবিজে একসময় আলোচিত জুটি ছিলেন রাফিয়াত রশীদ মিথিলা ও সৃজিত মুখার্জি। তাদের প্রেম, বিয়ে কিংবা একসঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিল না। তবে সাম্প্রতিক সময়ে দুজনকে একসঙ্গে দেখা না যাওয়ায় তাদের সম্পর্ক নিয়ে নতুন করে নানা প্রশ্ন উঠছে। এবার সৃজিত মুখার্জির একটি মন্তব্য সেই পুরোনো গুঞ্জনকেই আরও উসকে দিয়েছে।

২০১৯ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি। বিয়ের পর বেশ কয়েক বছর তাদের একসঙ্গে বিভিন্ন সময় কাটাতে দেখা গেলেও সম্প্রতি দুজনের উপস্থিতি আলাদা আলাদাভাবে চোখে পড়ছে। এ থেকেই তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে শুরু হয় নানা আলোচনা।

আরও পড়ুন: সালমান শাহ হত্যায় ডনের জড়িত থাকার প্রমাণ মিলছে : সিআইডি

বিচ্ছেদের গুঞ্জন অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার মিথিলা ও সৃজিতের দাম্পত্যে টানাপোড়েনের খবর ছড়িয়েছে। তবে প্রতিবারই বিষয়টি নিয়ে দুজনের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’ নামের একটি পডকাস্টে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সেখানে তাকে প্রশ্ন করা হয়, বর্তমান সময়ে তিনি কোনো ‘স্থায়ী সম্পর্ক’-এর অভাব অনুভব করেন কি না।

আরও পড়ুন: ‘বেবি বাম্প’র ছবি শেয়ার করলেন রণবীর-দীপিকা দম্পত্তি

জবাবে সৃজিত জানান, কখনও কখনও তার একাকিত্ব অনুভূত হয়। তবে কাজ, সংগীত, ক্রিকেট এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর কারণে অনেক সময় সেই একাকিত্ব অনুভব করেন না বলেও জানান তিনি।

সৃজিতের এই বক্তব্যে মিথিলার নাম সরাসরি উল্লেখ করা হয়নি। এমনকি তিনি তাদের সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের বিষয়েও কোনো মন্তব্য করেননি। তবু ‘স্থায়ী সম্পর্কের’ অভাব ও একাকিত্বের কথা বলায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ফের প্রশ্ন উঠেছে—তাহলে কি মিথিলা ও সৃজিতের সম্পর্কের সমীকরণ বদলে গেছে?

পডকাস্টে নিজের অতীত সম্পর্ক নিয়েও কথা বলেন সৃজিত। অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে তার একসময়কার ঘনিষ্ঠতার প্রসঙ্গ উঠে আসে। সৃজিত জানান, সময়ের সঙ্গে সেই সম্পর্কও আর টেকেনি।

জীবনকে একটি দীর্ঘ যাত্রার সঙ্গে তুলনা করে তিনি বলেন, এই পথচলায় কেউ কয়েকটি স্টেশন পর নেমে যায়, আবার কেউ অনেক দূর পর্যন্ত সঙ্গী হয়।

সৃজিতের এই দর্শন নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মিথিলা-সৃজিতের সম্পর্ক নিয়ে আগে থেকেই চলতে থাকা গুঞ্জনের মধ্যে তার এমন মন্তব্যে জল্পনা আরও বেড়েছে।

তবে এখন পর্যন্ত মিথিলা কিংবা সৃজিত—কেউই তাদের বিচ্ছেদের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ফলে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে যে আলোচনা চলছে, তা আপাতত গুঞ্জন ও সৃজিতের বক্তব্যকে ঘিরেই সীমাবদ্ধ।