মেয়ের জন্মদিনে দীপিকার ‘বেবি বাম্প’র ছবি শেয়ার করলেন রণবীর
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সংসারে এখন একমাত্র কন্যা দুয়া পাড়ুকোন সিংকে ঘিরেই আনন্দের মুহূর্ত। মেয়ের দ্বিতীয় জন্মদিনে এবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন বিশেষ কিছু স্মৃতি। দুয়ার জন্মদিন উপলক্ষে দীপিকা ও রণবীর প্রকাশ করেছেন দীপিকার অন্তঃসত্ত্বা সময়ের কয়েকটি সাদাকালো ছবি। যেখানে ফুটে উঠেছে অনাগত সন্তানকে ঘিরে তাদের ভালোবাসা, অপেক্ষা ও আবেগের মুহূর্ত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে ছবিগুলো প্রকাশ করেন দীপিকা ও রণবীর। ক্যাপশনে তারা লেখেন, ‘বেবি দুয়া এবং আমাদের হৃদয়, উভয়ই বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন: লজ্জায় বাঁধন-ফারিয়া
প্রকাশিত ছবিগুলোর একটিতে দেখা যায়, দীপিকার বেবি বাম্পে স্নেহভরে হাত রেখেছেন রণবীর। দুজনের কপাল ছুঁয়ে আছে একে অপরের সঙ্গে, মুখে মায়াময় হাসি। ছবিটি যেন তাদের জীবনে নতুন অতিথির আগমনের সেই বিশেষ সময়ের অনুভূতিই তুলে ধরেছে।
তবে পুরো ফটোশুটের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে ছোট্ট দুয়া। একটি ছবিতে বাবা-মায়ের মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে দীপিকা ও রণবীরের সঙ্গে আনন্দে মেতে উঠেছে সে। কলারযুক্ত টপ ও ট্রাউজারে দুয়াকে বেশ মিষ্টি দেখাচ্ছিল। দুই পাশে বাঁধা পনিটেল আরও বাড়িয়ে দিয়েছে তার শিশুসুলভ মায়া।
আরও পড়ুন: স্পর্শিয়া এবার লালপরী!
২০২৪ সালের ৮ সেপ্টেম্বর প্রথম সন্তান দুয়াকে স্বাগত জানান দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। জন্মের পর থেকেই মেয়েকে অনেকটা আড়ালে রেখেছিলেন এই তারকা দম্পতি। ফলে দুয়ার দ্বিতীয় জন্মদিনে তার ছবি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন ভক্ত-অনুরাগীরা।
এদিকে চলতি বছরের শুরুতেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হওয়ার খবর জানান দীপিকা ও রণবীর। সেই ঘোষণার পর থেকেই তাদের পরিবারে নতুন অতিথির আগমন নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালের ১৪ নভেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। সঞ্জয় লীলা বানসালির ‘গোলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’-এর মতো আলোচিত সিনেমাতেও জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া





