হামের প্রকোপ বাড়ছে: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২৮

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৩৮ অপরাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই সংক্রামক এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছে কোমলমতি শিশু। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে ৮৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৮৪০

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং উপসর্গ নিয়ে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে দেশে মোট ৩ হাজার ৩৭৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন।

আরও পড়ুন: ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপনবিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

শুধু গত ২৪ ঘণ্টাতেই হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু এবং ১ হাজারের বেশি আক্রান্ত হওয়ার ঘটনায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে।