দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ৭:২৭ অপরাহ্ন, ২৫ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সারাদেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন।

আরও পড়ুন: হামের উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,২৭৩

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে আজ পর্যন্ত দেশে মোট ৬৩ হাজার ৮১৩ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ৮ হাজার ৬২২ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি শনাক্ত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে সন্দেহজনক হামের উপসর্গে ৪৪২ জন এবং নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে ৮৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

একই সময়ে সারা দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন রোগী। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২১৪ জন। উদ্ভূত পরিস্থিতিতে শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচি জোরদার করাসহ অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।