দেশে হামের প্রাদুর্ভাব থামছে না, ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে ১ হাজার ৪৪ জনের হাম শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু হামের উপসর্গ নিয়ে ৯৬৪ জন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৬২
একই সময়ে পরীক্ষার মাধ্যমে নতুন করে ৮০ জনের হাম নিশ্চিত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জনে। হামে আক্রান্ত রোগীদের হাসপাতালে ভর্তির চাপও কমেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তবে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। অর্থাৎ বিপুলসংখ্যক রোগী চিকিৎসাসেবা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুসহ ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮৮৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: হাম-ডেঙ্গুতে ১,০৬০ মৃত্যু, ২৪ ঘণ্টায় আরও ৭ জনের প্রাণহানি
অন্যদিকে, পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন মোট ৯৯ জন। এই হিসাব ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ের। দেশজুড়ে হামের উপসর্গ ও আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে রোগীর চাপও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে আক্রান্ত, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ করছে।





