হুথি হামলা ও হরমুজে উত্তেজনা

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২:২৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার খবর এবং হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে বেড়েছে অপরিশোধিত তেলের দাম। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়িয়ে যায়। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১টা ২২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৮৬ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১১৫ ডলার ৭৪ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭২ সেন্ট বা শূন্য দশমিক ৭১ শতাংশ বেড়ে ১০২ ডলার ৭২ সেন্টে পৌঁছায়।

আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ

এ নিয়ে টানা চতুর্থ মাসের মতো আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার পথে রয়েছে। অক্টোবর মাসে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ১৫ শতাংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তাদের দাবি, রাস তানুরা ও রাবিগ তেল শোধনাগার এবং সৌদি আরামকোর আবকাইক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ খবরের পর জ্বালানি সরবরাহ নিয়ে বাজারের উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন: বসনিয়ায় ইতালির সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

অন্যদিকে, হরমুজ প্রণালির দক্ষিণে অনুমোদনহীন একটি পথ দিয়ে চলাচলের সময় তিনটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার খবর আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে। এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।