শেরপুরে পৃথক মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ১

Shahrier Islam Pallab
রায়হান পারভেজ,শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ৪:০১ অপরাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পলাতক দুজনসহ মোট তিনজনের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরামুল হোসাইনের (পিপিএম) দিকনির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর এসব অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: নবীনগরে বিনামূল্যে চক্ষুসেবা পেলেন চার শতাধিক রোগী

প্রথম অভিযানে, গত ২৯ অক্টোবর বিকেল ৫টা ৫ মিনিটে উপজেলার কুসুম্বী ইউনিয়নের লক্ষীকোলা মৌজা এলাকায় এসআই (নিঃ) খোকন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ একটি অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. সিদ্দিক হোসেনের পানি সেচ ঘরের বারান্দায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত দুই পলাতক আসামি হলেন—নন্দীগ্রাম উপজেলার চক রামপুর গ্রামের আলহাজ্ব আজিমুদ্দিনের ছেলে মো. সিদ্দিক হোসেন (৬০) এবং মুরাদপুর গ্রামের শ্রী চিমনের ছেলে শ্রী সুব্রত (২৫)। তাঁদের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নম্বর-৩৮) রুজু করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় বিশেষ অভিযানে আটক ৩৫১ জন

অপরদিকে, একই দিন রাত ১১টা ১৫ মিনিটে শেরপুর থানার এসআই (নিঃ) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে আরেকটি দল উপজেলার দুবলাগাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় নিজ বসতবাড়ির বারান্দা থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. নজরুল ইসলাম (৫০) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম দুবলাগাড়ী গ্রামের মো. শামসুল ইসলাম শেখের ছেলে।

আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় নিয়মিত মামলা (নম্বর-৩৯, তারিখ: ৩০/১০/২০২৬) রুজু করে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে তৎপরতা জোরদার করা হয়েছে।