মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ২:৫৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের একটি সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে দেশটির দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথাও জানিয়েছে ইরান।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ৩৮৮তম ব্রিগেডের একটি ঘাঁটিতে একাধিক মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় ঘাঁটির অতিথিশালা, প্রহরী পোস্ট এবং সেনা সদস্যদের আবাসন ভবন লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের কার্যক্রম বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: আইআরজিসি

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষামূলক বা ‘প্যাসিভ ডিফেন্স’ ব্যবস্থা কার্যকর থাকায় সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবুও হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

এই হামলাকে ‘কাপুরুষোচিত আগ্রাসন’ উল্লেখ করে ইরানের সেনাবাহিনী সতর্ক করেছে, উপযুক্ত সময় ও পরিস্থিতিতে এর কঠোর জবাব দেওয়া হবে।

আরও পড়ুন: কুয়েত-বাহরাইনে ইরানের হামলা

অন্যদিকে, ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, গত কয়েক দিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি দক্ষিণ ইরানকে দেশের ‘স্পন্দিত হৃদয়’ বলে উল্লেখ করেন।

তবে ইরানের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।