ইরানের মাহশাহরে পানির পাম্পে মার্কিন হামলা, নিহত ১
ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভোরে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় ওই স্থাপনার নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হন। আহত চারজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
আরও পড়ুন: চীনে আঘাত হানল শক্তিশালী টাইফুন ‘বাভি’, নিরাপদ আশ্রয়ে ২০ লাখ মানুষ
খুজেস্তান প্রদেশের নিরাপত্তা ও আইনপ্রয়োগকারী সংস্থার ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, হামলার পর জরুরি ও চিকিৎসাসেবা বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আহতদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) রাতে ইরানি বার্তাসংস্থা মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানায়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি।
আরও পড়ুন: জর্ডান ও কাতারের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু—যা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে—দ্বীপটিতে আঘাত হানে। তার দাবি, হামলাগুলো সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলার খবর প্রকাশিত হয়। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে।





