নেপালে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল বাংলাদেশসহ চার দেশ

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নেপালের কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে আঘাত হানা এ ভূমিকম্পের কম্পন ভারতের কয়েকটি অঞ্চল ছাড়াও বাংলাদেশ, ভুটান ও চীনের বিভিন্ন স্থানে অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ বলে জানিয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার।

আরও পড়ুন: ইয়েমেনে আগস্ট থেকে বাস্তুচ্যুত ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ, নিহত ৭৬

এনসিএস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের স্থানাঙ্কও প্রকাশ করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভারতের মাঙ্গান শহর থেকে ৬৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

ভারতের বিভিন্ন এলাকায় কম্পন

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তিন তেলবাহী জাহাজে আগুন

নেপালে ভূমিকম্পের পর ভারতের বিহার ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে। সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের একাধিক জেলায় কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বিস্তারিত তথ্য তখনো জানা যায়নি।

পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির অনেক বাসিন্দাও ভূমিকম্পের প্রভাব অনুভব করেছেন বলে পৃথক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এদিকে, একই দিন ভোর ৩টা ৩৯ মিনিটে ভারতের আসামের কারবি আংলং জেলায় ২ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এনসিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল ২৫ দশমিক ৭৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩ দশমিক ৩৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

সূত্র: মিন্ট