৮৪ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতা, অনিশ্চয়তায় হালিমা বেগম

Sadek Ali
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৫ পূর্বাহ্ন, ২০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৯ পূর্বাহ্ন, ২১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা হালিমা বেগমের (৮৪) জীবন কাটছে চরম অভাব ও অনিশ্চয়তায়। ১৯৮৮ সালে স্বামী আব্দুল জব্বার মারা যাওয়ার পর থেকেই সংসারের হাল ধরতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়েন তিনি। বয়সের ভারে চলাফেরায় অক্ষম এই বৃদ্ধার ছেলে বেকার এবং আর্থিক সংকটে ছোট মেয়ের বিয়েও দিতে পারেননি। ফলে এই বয়সেও মানুষের সাহায্যের ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হালিমা বেগমের বয়স ৮৪ বছর হলেও এখনো তাঁর ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা বা কোনো সরকারি সহায়তা। আক্ষেপ করে তিনি বলেন, ‘মেম্বার-চেয়ারম্যানের কাছে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু একটা ভাতাও জোটেনি।’

আরও পড়ুন: গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

তবে এ বিষয়ে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন বলেন, তিনি ওই নারীকে চেনেন না এবং না দেখে কোনো মন্তব্য করতে পারবেন না।

বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি জানান, আবেদন করা হয়েছিল কি না তা যাচাইসহ পুরো বিষয়টি খতিয়ে দেখে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করা যাবে না: এমপি মিলন

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, এনআইডির কপি পেলে আবেদন যাচাই করা হবে এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে আসন খালি ও বরাদ্দ সাপেক্ষে আগামী ডিসেম্বরেই তিনি ভাতা পেতে পারেন বলে আশা করা যায়। জীবনের শেষ প্রান্তে এসে দ্রুত প্রশাসনের আশ্বাসের বাস্তবায়ন চান অসহায় এই বৃদ্ধা।