লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৩ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলির চ্যাটসওর্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে লুরলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে থাকা দুটি শিপিং কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একজনকে কাছের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: মক্কার কাছে হুথিদের ড্রোন হামলা, ভূপাতিত করল সৌদি

হেলিকপ্টারটি কে পরিচালনা করছিলেন বা এতে কারা ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত হেলিকপ্টার হতে পারে।

এর আগে চ্যাটসওর্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে হেলিকপ্টারটি সেখানে গিয়েছিল বলে স্থানীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপার সন্ধান

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনার পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং হেলিকপ্টারটির পরিচয় জানতে তদন্ত করা হবে।

হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত করবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ এবং এর আগে-পরে ঘটে যাওয়া ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।