মা হতে চলেছেন মৌসুমী হামিদ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাতৃত্বের আনন্দে দিন কাটাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে স্মরণীয় করে রাখতে সম্প্রতি কাছের মানুষ ও সহকর্মীদের নিয়ে আয়োজন করা হয়েছে তার বেবি শাওয়ার।

গত সোমবার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেবি শাওয়ার অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। নিজের বাসার ছাদে আয়োজিত এই ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে দেখা যায় তাকে। হাসি, গল্প আর আড্ডায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত।

আরও পড়ুন: ২ কোটি বাজেটের সিনেমার ২৮০ কোটির ঝড়, পেছনে যে গল্প

চলতি বছরের জুলাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রথমবার মা হওয়ার সুখবর প্রকাশ করেন মৌসুমী হামিদ। এরপর থেকেই তার মাতৃত্বের খবর নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। এবার সেই আনন্দকে আরও বিশেষ করে তুলতেই বন্ধুদের উদ্যোগে আয়োজন করা হয় বেবি শাওয়ারের।

অনুষ্ঠানে মৌসুমীর সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা শ্যামল মাওলা, নাজিয়া হক অর্ষা, অহনা রহমান, নূর ইমরান মিঠু ও গায়িকা ঐশীসহ আরও অনেকে। প্রিয়জনদের সঙ্গে গল্প, আড্ডা ও আনন্দে বেশ কিছুটা সময় কাটান হবু মা মৌসুমী।

আরও পড়ুন: সুপারহিরো হচ্ছেন আমির খান

অনুষ্ঠান শেষে স্বামী আবদুল ওয়াদুদের সঙ্গে ছবিও তুলেছেন এই অভিনেত্রী। ব্যবসায়ী আবদুল ওয়াদুদের সঙ্গে বিয়ের আগে দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্ব ছিল মৌসুমীর। দুজনের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল থাকায় পরবর্তীতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী।

বেবি শাওয়ার আয়োজন নিয়ে মৌসুমী জানান, তার মা হওয়ার আনন্দ কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতেই ছোট পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আয়োজনটি সীমিত হওয়ায় সবাইকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। অতিথিদের আপ্যায়নে রাখা হয়েছিল দেশীয় বিভিন্ন খাবার। মাছ, ভাতসহ বেশ কয়েক ধরনের খাবারে সাজানো ছিল অনুষ্ঠানের খাবারের আয়োজন।

সবকিছু স্বাভাবিক থাকলে চলতি মাসেই প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়ে প্রবেশের আগে ভক্ত-অনুরাগী ও সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।