লজ্জায় বাঁধন-ফারিয়া

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:১৬ অপরাহ্ন, ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জন্মদিনে ভক্তদের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন, আর একই দিনে পেলেন নতুন সিনেমায় অভিনয়ের সুখবর। চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার ৩১তম জন্মদিনটি তাই হয়ে উঠেছে আরও বিশেষ। নতুন সিনেমা ‘লজ্জা’য় আজমেরী হক বাঁধনের সঙ্গে একই পর্দায় দেখা যাবে তাকে। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া।

‘লজ্জা’ সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন। এর গল্প লিখেছেন জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরুর কথা রয়েছে।

আরও পড়ুন: স্পর্শিয়া এবার লালপরী!

গতকাল ৮ সেপ্টেম্বর ছিল নুসরাত ফারিয়ার জন্মদিন। এদিন ৩১ বছরে পা দেন এই অভিনেত্রী। জন্মদিনের সন্ধ্যাতেই প্রকাশ্যে আসে তার নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবর।

এর আগে গত শনিবার চ্যানেল আই কার্যালয়ে ‘লজ্জা’ সিনেমার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জাজ মাল্টিমিডিয়ার স্বত্বাধিকারী আবদুল আজিজসহ সিনেমাটির সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: বিফ খাওয়ার কথা বলে তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে বিশ্বজিৎ চক্রবর্তী

সিনেমাটির গল্প প্রসঙ্গে আবদুল আজিজ জানান, ‘লজ্জা’ নির্মিত হবে সমাজসচেতনতামূলক একটি গল্পকে কেন্দ্র করে। তিনি বলেন, “এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি। মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।”

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি দেওয়া হবে ‘লজ্জা’।

এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে আরও একটি কাজ। মেহেদী হাসানের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও শেষ পর্যায়ে। সিনেমাটির একটি গানের দৃশ্যধারণ বাকি রয়েছে। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং সম্পন্ন হবে। আগামী অক্টোবর মাসে আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সব মিলিয়ে বড় পর্দার নতুন সিনেমার পাশাপাশি ওয়েব ফিল্ম নিয়েও ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। জন্মদিনে ‘লজ্জা’র খবর তার ক্যারিয়ারে নতুন সংযোজন হিসেবে কতটা আলোচনার জন্ম দেয়, সেটিই এখন দেখার বিষয়।