সম্ভাব্য হামলার আশঙ্কায় বিকল্প নেতৃত্ব কাঠামো নির্ধারণ করেছেন খামেনি

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১০:৪১ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিপুল সামরিক উপস্থিতি এবং ইসরাইলের কঠোর অবস্থানের প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য বিকল্প নেতৃত্ব কাঠামো নির্ধারণ করেছেন বলে জানিয়েছে The New York Times।

রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য মার্কিন বা ইসরাইলি হামলার ঝুঁকি বিবেচনায় রেখে ইরানের সর্বোচ্চ নেতা রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা নিশ্চিত করতে আগাম প্রস্তুতি নিয়েছেন। জরুরি পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তর ও কমান্ড চেইন সক্রিয় রাখার লক্ষ্যে একাধিক স্তরের বিকল্প পরিকল্পনা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: চাপের কাছে মাথা নত করবে না ইরান: মাসুদ পেজেশকিয়ান

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক মাসগুলোতে দেশজুড়ে বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে খামেনি তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক কর্মকর্তা আলি লারিজানিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকায় এনেছেন। তবে তাকে সর্বোচ্চ নেতার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নয়, বরং সংকট-পরিচালনায় বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা, বিপ্লবী গার্ড সদস্য এবং সাবেক কূটনীতিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, সংবেদনশীল পারমাণবিক কূটনীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা ও মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয়সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তদারকিতে বিকল্প দায়িত্ব বণ্টনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, লক্ষ্য টিটিপি ঘাঁটি

এদিকে The Times of Israel জানায়, সম্ভাব্য যোগাযোগ বিচ্ছিন্নতা বা নেতৃত্ব শূন্যতার পরিস্থিতি মোকাবিলায় একটি ঘনিষ্ঠ অভ্যন্তরীণ চক্রকে দায়িত্ব অর্পণের পরিকল্পনাও রয়েছে।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে। তবে সম্ভাব্য হামলা বা পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।