দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হবে: স্থানীয় সরকারমন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো হবে।
বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা
সরকারের বর্তমান চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমরা চ্যালেঞ্জ নিয়েই এসেছি। চ্যালেঞ্জটা হচ্ছে—দেশকে গড়ে তোলা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার সময় বলেছেন, তার একটি পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আমরা মানুষের সমস্যা সমাধান করে দেশকে সামনে এগিয়ে নিতে চাই।”
গণতন্ত্রকে সরকারের প্রধান ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ সরাসরি তৃণমূল মানুষের সঙ্গে সম্পর্কিত। এ মন্ত্রণালয়কে গতিময় ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য রয়েছে তার।
আরও পড়ুন: বিরোধী দলের ওপর ‘স্বৈরাচারের ভূত’ ভর করেছে: তারেক রহমান
আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ‘ভঙ্গুর’—এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। তার দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ম্যাক্রো অর্থনৈতিক স্থিতিশীলতা অনেকটাই ফিরে এসেছে। ব্যাংকিং খাতও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
গত দেড় বছরে ব্যাপক মব জাস্টিসের প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা হবে। একটা বড় ঝড় গেছে, বিপ্লব ও গণঅভ্যুত্থান হয়েছে। সবকিছু তাৎক্ষণিকভাবে স্বাভাবিক হয়ে যাবে—এমনটা আশা করার সুযোগ নেই। তবে নির্বাচিত সরকার গঠিত হওয়াই একটি বড় অর্জন।”
‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা—এ প্রশ্নে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক বলা হয়েছে এবং সে কারণেই এটি সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে।
আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।
অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন আছে কিনা—এ প্রশ্নে মন্ত্রী বলেন, বিশেষ মুহূর্তে দায়িত্ব নিয়ে তারা ট্রানজিশন টু ডেমোক্রেসি সম্পন্ন করেছে, এজন্য তাদের কৃতিত্ব দেওয়া উচিত।





