মরক্কোয় জেন জি বিক্ষোভে সহিংসতা: পুলিশের গুলিতে নিহত ২
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের (জেন জি) সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গতকাল বুধবার উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, ওই দিন লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। তাদের লক্ষ্য ছিল অস্ত্র লুটপাট। এসময় আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েকজন আহত হন।
আরও পড়ুন: জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল
বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও পুলিশের গুলি ও টিয়ারশেলের কারণে তা ব্যবহার সম্ভব হয়নি। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেন।
শুধু তাই নয়, আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকান লুটপাট করেছে বিক্ষোভকারীরা। প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি বলেন—
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি বাড়ানোর খসড়া চুক্তি, কমেছে বিশ্ববাজারে তেলের দাম
“আমি ক্যাফেতে বসে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের খেলা দেখছিলাম। হঠাৎ দেখি তরুণেরা পাশের দোকানে পাথর ছুড়ছে। পরে তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।”
এছাড়া পর্যটন শহর মারাকেশে একটি পুলিশ স্টেশনে আগুন লাগানোসহ একাধিক ভবন ও দোকানে ভাঙচুর চালানো হয়।
বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করছেন। পাশাপাশি তারা বেকারত্ব নিরসন, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন দাবি করছেন।
মরক্কোয় বর্তমানে বেকারত্বের হার ১২.৮%। এর মধ্যে তরুণদের মধ্যে ৩৫.৮% এবং স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ১৯% বেকার।
শুরুর দিকে শান্তিপূর্ণ থাকা এই আন্দোলন সময়ের সঙ্গে সহিংস হয়ে উঠছে। তবে রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় ওউজদা ও তাজা শহরে এখনও সহিংসতা হয়নি।
এদিকে বিক্ষোভের নেতৃত্ব দেওয়া সংগঠন জেন জি ২১২ মাত্র ৪ দিনে ব্যাপক বিস্তার ঘটিয়েছে। শুরুতে যেখানে সদস্য সংখ্যা ছিল মাত্র ৩ হাজার, বর্তমানে তা বেড়ে ১ লাখ ৩০ হাজারে পৌঁছেছে।





