যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, শিশুসহ নিহত ১০
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকাটিতে রাতভর চালানো ইসরাইলি হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।
নিহতদের মধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। দুই দিন আগে গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল।
আরও পড়ুন: হরমুজ প্রণালি বন্ধে চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের
পশ্চিম তীরেও অভিযান, নিহত এক যুবক
একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকো এলাকায় ইসরাইলি অভিযানের সময় এক ফিলিস্তিনি যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
যুদ্ধবিরতির পরও শতাধিক নিহতের দাবি
হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরাইলি হামলায় অন্তত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
গাজা যুদ্ধের ভয়াবহতা
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরাইলি নিহত হন।
এর জবাবে ইসরাইলি অভিযানে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবরোধ ও বারবার সংঘাতের কারণে অঞ্চলটি মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই বছরের এই যুদ্ধে গাজায় নিহত হয়েছেন অন্তত ৭১ হাজার ৮০৩ জন এবং আহত হয়েছেন এক লাখ ৭১ হাজার ৫৭৫ জন। জাতিসংঘ এসব পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে বিবেচনা করে।
নেতানিয়াহুর সঙ্গে মার্কিন দূতের বৈঠক
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জেরুসালেমে মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করেছেন।
রাফাহ ক্রসিং খুললেও সীমিত অনুমতি
রাফাহ ক্রসিং পুনরায় খোলার দ্বিতীয় দিনে ইসরাইল মাত্র ১৬ জন ফিলিস্তিনি রোগী ও তাদের আত্মীয়দের গাজার বাইরে যাওয়ার অনুমতি দিয়েছে।





