দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
দেশ ছাড়ার চেষ্টাকালে আটক হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো। তার বিরুদ্ধে জ্বালানি খাতে বৃহৎ দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যান্টি করাপশন ব্যুরো অফ ইউক্রেন (ন্যাবু) এক বিবৃতিতে জানায়, ‘মিডাস মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে আটক করা হয়েছে।’ ইউক্রেনের জ্বালানি খাতে দুর্নীতির বিস্তৃত তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি গত বছর বড় রাজনৈতিক সংকটের জন্ম দিয়েছিল। বর্তমানে প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি সহায়তার ঘোষণা ট্রাম্পের
গালুশচেঙ্কোকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি–র ঘনিষ্ঠ মন্ত্রী হিসেবে বিবেচনা করা হতো। ২০২৫ সালের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে প্রায় ১০ কোটি ডলার অবৈধভাবে উপার্জন এবং সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ ওঠে।
এ অভিযোগের জেরে গত বছর প্রেসিডেন্টের অনুরোধে দায়িত্বে থাকা ও সাবেক—উভয় জ্বালানিমন্ত্রী পদত্যাগ করেন। যদিও তারা দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ১১
তদন্তকারীরা জানিয়েছেন, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রায় ১০০ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এনারগোয়াটম, যা ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করে। অভিযোগ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের কাজের জন্য অর্থ পরিশোধের সময় এ অর্থ আত্মসাৎ করা হয়।





