ইসরায়েলি ও মার্কিন স্থাপনায় ইরানের তীব্র হামলা

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬ | আপডেট: ১১:৫৪ পূর্বাহ্ন, ১১ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইসরায়েলি ও মার্কিন লক্ষ্যবস্তুতে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। গত কয়েক ঘণ্টায় চালানো এই হামলাকে চলমান সংঘাত শুরুর পর সবচেয়ে তীব্র ও শক্তিশালী বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

ফরাসি বার্তা সংস্থা এএফপি ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে এটিই ছিল ইরানের চালানো সবচেয়ে শক্তিশালী হামলা।

আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোঁড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হয়েছে। তবে পরবর্তী নির্দেশনায় বলা হয়, পরিস্থিতি এখন নাগরিকদের জন্য নিরাপদ এবং তারা আশ্রয়কেন্দ্র (শেল্টার) থেকে বেরিয়ে আসতে পারেন।

এদিকে সৌদি আরব জানিয়েছে, তাদের একটি তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ড্রোন আকাশেই ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, পূর্বাঞ্চলের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

তবে এসব ক্ষেপণাস্ত্র বা ড্রোন কোথা থেকে বা কার পক্ষ থেকে ছোঁড়া হয়েছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

অন্যদিকে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে। উল্লেখ্য, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। হামলার পরপরই বৈরুতের দক্ষিণ শহরতলি এলাকাগুলো বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে।