নাজনীন হাসান খানের নতুন নাটক ‘ভালোবাসার মায়া’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৯:২৭ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রেম, ছলনা ও পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসার মায়া’। রাজীব মণি দাসের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান। এতে অভিনয় করেছেন আখম হাসান, পুনম হাসান জুঁই, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইনসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রভাবশালী ব্যবসায়ী রাশেদ করিমের ছেলে আরিয়ান। শান্ত ও দায়িত্বশীল স্বভাবের হলেও নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধা করে সে। এলাকার সুন্দরী তরুণী সানজিদাকে ভালো লাগলেও লাজুকতার কারণে তা জানাতে পারে না। বিষয়টি বুঝতে পেরে সানজিদা তাকে নিয়ে মজা করতে শুরু করে। একপর্যায়ে প্রেমের প্রসঙ্গ তুলে আরিয়ানের সঙ্গে কথা বললেও এর আড়ালে থাকা ছলনা বুঝতে পারে না সে। হঠাৎ আরিয়ান জানতে পারে, সানজিদার বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে। পাত্র অস্ট্রেলিয়ার গ্রিনকার্ডধারী। বিষয়টি জানার পর ভেঙে পড়ে আরিয়ান। সত্যতা যাচাই করতে সানজিদার বাড়িতে গিয়ে তার মায়ের কাছ থেকেও বিয়ের বিষয়টি নিশ্চিত হয়। এরপর সবকিছু ভুলে নতুন করে জীবন শুরু করতে চাইলেও সানজিদাকে মন থেকে সরাতে পারে না সে।

আরও পড়ুন: চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ, বিপাকে শরীফুল রাজ

অন্যদিকে, আরিয়ানের ভেঙে পড়ার খবর সানজিদার কাছেও পৌঁছাতে থাকে। প্রথমে বিষয়টি হাসি-তামাশা হিসেবে নিলেও একসময় আরিয়ানের প্রতি মায়া জন্মায় তার মনে। এরপর তাদের সম্পর্ক কোন দিকে মোড় নেয়, তা নিয়েই এগিয়েছে নাটকের গল্প।

নাটকটি প্রসঙ্গে পরিচালক নাজনীন হাসান খান বলেন, ‘প্রেমের অনুভূতি মানুষকে কখনো সাহসী করে, আবার কখনো নিজের মনের কথা আড়াল করতে গিয়ে জটিল পরিস্থিতিতে ফেলে দেয়। সম্পর্কের সত্যতা যাচাই না করে আবেগের ওপর নির্ভর করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। “ভালোবাসার মায়া” নাটকে হাস্যরস ও নাটকীয়তার মধ্য দিয়ে সেই বাস্তবতাই তুলে ধরার চেষ্টা করেছি।’

আরও পড়ুন: হ্যালোইনে স্পর্শিয়ার অন্যরকম সময়

নির্মাতা সূত্রে জানা গেছে,হাস্যরস, প্রেম ও পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।