মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত
মালদ্বীপ-এর দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর একটি গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়।
এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ-এর শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই
তিনি আরও বলেন, ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





