মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫১ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৪০ অপরাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বিভাগের প্রধান মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আইআরজিসি এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, “মার্কিন-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায় মেজর জেনারেল সাঈদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও ইরানের ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

তবে হামলার বিস্তারিত বা নির্দিষ্ট স্থান সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত দুই দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে দেশটির বিরোধ চলমান। এ ইস্যুতে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক দফা আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে নৌযানডুবি, নিখোঁজ অন্তত ৭০ অভিবাসনপ্রত্যাশী

এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানে সামরিক অভিযান শুরু করে, যার সঙ্গে সমন্বয় করে ইসরায়েলও পৃথক অভিযান চালায়। এসব অভিযানের প্রথম দিনেই ইরানের সামরিক ও প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা নিহত হন।

অন্যদিকে, হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

চলমান এই সংঘাতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজারের বেশি ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।