জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৫ অপরাহ্ন, ১২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতির উন্নয়ন, নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করতে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক বাঁকে তরুণেরা নেতৃত্ব দিয়েছেন। একটি স্বনির্ভর, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তেও তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক বিশেষ অতিথি বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা দেশ গঠন ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তরুণদের জ্ঞানচর্চা, দেশপ্রেম এবং বাস্তবমুখী চিন্তাভাবনার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আধুনিক বিশ্বে জাতীয় নিরাপত্তা শুধু সীমান্ত সুরক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানবিক নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও কৌশলগত সক্ষমতাও নিবিড়ভাবে জড়িত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য বাস্তবায়নে তরুণদের নিজ নিজ অবস্থান থেকে মেধা, জ্ঞান ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে দেশের অগ্রগতিতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভূমিকার কথাও তুলে ধরেন প্রতিরক্ষা উপদেষ্টা। তিনি বলেন, আন্দোলনের সময় ঝুঁকি নিয়ে আহতদের উদ্ধার, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং আন্দোলনকারীদের সুরক্ষায় শিক্ষার্থীদের উদ্যোগ সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত হয়ে রয়েছে। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের ঐক্যবদ্ধ অবস্থান জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেন তিনি।

তরুণদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে আশাবাদ প্রকাশ করে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, প্রযুক্তিগত দক্ষতা অর্জন, নৈতিক মূল্যবোধের চর্চা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণেরা আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রতিরক্ষা উপদেষ্টা এবং তাঁদের গবেষণামূলক উদ্যোগের প্রশংসা করেন।

এর আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত দুই দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধন করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ ফারহাত আনোয়ার উপস্থিত ছিলেন।