হ্যালো ডিসি’তে অভিযোগ, ঢাকার চার উপজেলায় মাদকবিরোধী অভিযান
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে ঢাকা জেলার চার উপজেলায় বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাভার, দক্ষিণ কেরানীগঞ্জ, ধামরাই ও দোহারে পৃথক এসব অভিযানে ইয়াবা, চোলাই মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
আরও পড়ুন: ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, বিপাকে ৫ হাজারের বেশি যাত্রী
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। নাগরিকদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে ডিজিটাল নাগরিকসেবা প্ল্যাটফর্ম ‘হ্যালো ডিসি’র ভূমিকা উঠে এসেছে।
সাভারে ৬৫০ পিস ইয়াবা, ৫০ লিটার চোলাই মদ উদ্ধার
আরও পড়ুন: ফের আলোচনায় আইডিয়াল স্কুল
শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণভাবে উদযাপন এবং মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সাভারের আশুলিয়া থানাধীন চারগাঁও ও কাঠগড়া এলাকায় ১২ অক্টোবর দিনব্যাপী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা ক-সার্কেল। অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৯ হাজার ৮০০ টাকা নগদ অর্থ, ৫০ লিটার চোলাই মদ এবং মদ তৈরির ২ হাজার ২০০ লিটার ওয়াশ/জায়া উদ্ধার করা হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামি মো. রবিউল আউয়ালকে (৩৮) কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি মো. সোহেল (৪১) পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জে চারজনের কারাদণ্ড
১২ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত অভিযানে চারটি মামলায় চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত আবুল বাশার হাওলাদারকে ১৫ দিন, অহিদকে ৯০ দিন, তারেকুজ্জামানকে তিন দিন এবং রাকিবকে ১২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানাও করা হয়।
এদিকে কেরানীগঞ্জের কলাতিয়া ও বৈনাকান্দি এলাকায় পৃথক অভিযানে আরও তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ঘাটারচর এলাকায় ১০ গ্রাম গাঁজাসহ ইমাম হোসেন বাবুকে (৪৬) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
মধ্যেরচর এলাকায় একটি পরিত্যক্ত স্থানে মাদকসেবীদের আড্ডায় অভিযান চালিয়ে তিন গ্রাম গাঁজাসহ দেলোয়ারকে (৫৭) এবং দুই গ্রাম গাঁজাসহ মো. কাশিমকে (৪৫) আটক করা হয়। তাঁদের প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে চর ওয়াশপুর ও নাজিরিপুর এলাকায় অভিযানের খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান। এলাকাগুলোতে প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।
ধামরাইয়ে দুইজনের কারাদণ্ড
ধামরাই উপজেলায় ১২ অক্টোবর পরিচালিত মাদকবিরোধী অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় দুজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের একজনকে দুই মাস এবং অপরজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দোহারে ছয়জনকে সাজা
দোহার উপজেলায় পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ছয়জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সুতারপাড়ার মো. সুমন (৩৬) ও মোহাম্মদ রবিউল ফকির (২৮), আন্তারের মো. রুবাব (৩০), সাইন পুকুরের মো. শুভ খান (২৪) এবং পালামগঞ্জের মাসুদ রানা (২৪) ও সায়েম হোসেন (২৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাঁদের বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়।
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে। নাগরিকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, “মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাগরিকদের অভিযোগকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণে জেলা প্রশাসন কাজ করছে। এ ক্ষেত্রে ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। মাদকসংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ থাকলে নাগরিকদের তা প্রশাসনকে জানানোর আহ্বান জানাচ্ছি। মাদকবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”





