ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিখোঁজ হয়েছেন। এ সময় জাহাজটিতে থাকা আরও নয়জন ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। রোববার ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ভারতের জাহাজ চলাচলমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, গত ১১ অক্টোবর ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ট্যাংকারটি ওমানের সোহর উপকূলের নোঙর এলাকায় ড্রোন হামলার শিকার হয়। জাহাজটিতে ১১ জন ভারতীয় নাবিক ছিলেন।
আরও পড়ুন: সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হুথিদের হামলা
সোনোয়াল বলেন, হামলার পর নয়জন নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তবে বাকি দুই ভারতীয় নাগরিকের এখনো সন্ধান পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিখোঁজ নাবিকদের খুঁজে বের করতে স্থানীয় কোস্টগার্ডের নেতৃত্বে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ভারত সরকার নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ ব্যক্তিদের নিরাপদে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, পাকিস্তানি নাগরিক নিহত, আহত ১১
মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ঝুঁকিতে নৌ চলাচল
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর তেহরানও পাল্টা হামলা চালায়। এতে ইসরায়েলি লক্ষ্যবস্তু ও অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলো আক্রান্ত হয়।
এই সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক নৌ চলাচলেও। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।
ইরান হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার সঙ্গে কয়েকটি শর্ত যুক্ত করেছে। এর মধ্যে রয়েছে শত্রুতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড় এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন।
প্রতিবেদন অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ১৬ জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। সর্বশেষ ট্যাংকারে ড্রোন হামলার ঘটনায় নিখোঁজ দুই নাবিককে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি





