ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে অনিশ্চয়তা, লেবানন ইস্যুতে জট

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:০৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য আলোচনা করতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ তথ্য জানিয়েছে। তবে বৈঠক অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের।

আরও পড়ুন: যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত থাকলে চুক্তি থেকে সরে দাঁড়াবে ইরান

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও তা ঘিরে নতুন জটিলতা তৈরি হয়েছে লেবানন ইস্যুতে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যুদ্ধবিরতির আওতায় লেবানন অন্তর্ভুক্ত থাকবে বলে ঘোষণা দিলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন। পরবর্তীতে লেবাননে বড় ধরনের হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

এ প্রেক্ষাপটে ইরান শর্ত দিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হতে হলে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে। তবে এখন পর্যন্ত এ শর্তে সম্মতি দেয়নি ইসরায়েল। ফলে আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আরও পড়ুন: প্রত্যেক শহীদের রক্তের মূল্য আদায় করা হবে: মোজতবা খামেনি

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ‘কান’ জানিয়েছে, লেবানন ইস্যুতে সমাধান না হওয়ায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করেছে ইরান। তেহরান চাইছে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।

বিশ্লেষকদের মতে, লেবানন পরিস্থিতি সমাধান না হলে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের অগ্রগতি কঠিন হয়ে পড়তে পারে।