ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ১২:৩১ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান-এর সঙ্গে চলমান সংঘাত কার্যত শেষ হয়েছে। শুক্রবার (১ মে) কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি জানান, যুদ্ধবিরতির পর আর কোনো সংঘর্ষ হয়নি এবং গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া শত্রুতার সমাপ্তি ঘটেছে।

তবে ট্রাম্প সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য ইরানের হুমকি এখনো গুরুত্বপূর্ণ এবং তা মোকাবিলায় প্রস্তুতি অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ আইআরজিসি সদস্য নিহত

চিঠিতে তিনি দাবি করেন, এই যুদ্ধে তার কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হয়নি। পাশাপাশি ভবিষ্যতে সেনা মোতায়েন বা অবস্থান পরিবর্তনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করার আশ্বাস দেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, মার্কিন সেনাদের পুনর্বিন্যাস করা হচ্ছে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা জোরদারের লক্ষ্যে।

এদিকে, জিন শাহীন, যিনি সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট, ট্রাম্পের অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ৬০ দিনের সংঘাতের পরও ট্রাম্প প্রশাসনের কোনো স্পষ্ট কৌশল বা ‘প্রস্থান পরিকল্পনা’ নেই।

আরও পড়ুন: ইরানের নতুন প্রস্তাবে অসন্তুষ্ট ট্রাম্প, সামরিক পদক্ষেপের হুমকি

উল্লেখ্য, ওয়ার পাওয়ারস রেজুলেশন অনুযায়ী, কোনো মার্কিন প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত সামরিক অভিযান পরিচালনা করতে পারেন। এরপর যুদ্ধ চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন নিতে হয় অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে সেনা প্রত্যাহারের উদ্যোগ নিতে হয়।

যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো দীর্ঘমেয়াদি চুক্তি হয়নি। একই দিনে ট্রাম্প পাকিস্তান-এর মধ্যস্থতায় দেওয়া ইরানের সংশোধিত প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন, যা ভবিষ্যৎ কূটনৈতিক অগ্রগতিকে অনিশ্চিত করে তুলেছে।