তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়
ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহর লাল নেহরু স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে ৯ সদস্যের মন্ত্রিসভাসহ তিনি শপথ নেন।
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আরও পড়ুন: জুলাইয়ে ভারত থেকে আসছে ২০টি ব্রডগেজ ট্রেন কোচ
তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথ বাক্য পাঠ করান।
গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে এককভাবে সর্বোচ্চ ১০৮টি আসনে জয় লাভ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন না হওয়ায় কয়েকটি দলের সমর্থন নিয়ে জোট গঠন করতে হয়।
আরও পড়ুন: ১০ হাজার অনুপ্রবেশকারী বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি শুভেন্দু অধিকারীর
পরে ভারতীয় জাতীয় কংগ্রেসসহ আরও কয়েকটি দল বিজয়কে সমর্থন দেয়। সব মিলিয়ে তার নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ।
সরকার গঠনের আগে শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেন থালাপতি বিজয়। ওই সময় তিনি অতিরিক্ত দুই দলের সমর্থনের বিষয়টি রাজ্যপালকে জানান এবং সরকার গঠনের অনুমতি চান।
রাজ্যপাল সমর্থনপত্রগুলো যাচাই-বাছাই শেষে নিশ্চিত হন যে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এরপর শপথ গ্রহণের সময় নির্ধারণ করা হয়।
স্থানীয় সময় রোববার সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।





