যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়তে পারে

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬ | আপডেট: ২:১৮ অপরাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। মধ্যস্থতাকারীদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর অথবা এর ঘনত্ব কমিয়ে আনার বিষয়ে একটি কাঠামোগত আলোচনা শুরু হতে পারে।

আরও পড়ুন: ইসলামাবাদে রেড অ্যালার্ট, জারি ১৪৪ ধারা

সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত কিছু অবরোধ শিথিল করার বিষয় বিবেচনা করছে। অন্যদিকে ইরান ধাপে ধাপে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিতে পারে।

এছাড়া ওয়াশিংটন তেহরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল এবং বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ আটকে রাখার প্রক্রিয়া স্থগিত রাখার বিষয়েও সম্মত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট ও গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ সুপ্রিম কোর্টের

শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুদ্ধবিরতি আলোচনা ঘিরে একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, আলোচনার প্রথম ধাপে আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে চুক্তির বিস্তারিত বিষয় চূড়ান্ত হতে পারে।

বাঘাই আরও জানান, সম্ভাব্য আলোচনায় পারমাণবিক কর্মসূচির নিরস্ত্রীকরণ এবং হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সমঝোতা বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা কিছুটা কমতে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।