দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১
ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, হোটেলটির পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর এনডিটিভির।
আরও পড়ুন: বিশ্ববাজারে কমল তেলের দাম
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার সময় হোটেলে বহু অতিথি অবস্থান করছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি নাগরিক ছিলেন। তাদের অনেকেই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত কয়েকজনকে ভবন থেকে লাফিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা যায়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আরও পড়ুন: উপসাগরীয় জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাতের চূড়ান্ত হুঁশিয়ারি ইরানের
এ পর্যন্ত অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহত ও দগ্ধ ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।





