এইচএসসির ফলে সোনারগাঁওয়ে শীর্ষে স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ
২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কলেজগুলোর মধ্যে পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে সোনারগাঁও স্টার ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৪ দশমিক ৬১ শতাংশ। অন্যদিকে, উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান সোনারগাঁও সরকারি কলেজের পাসের হার মাত্র ২৩ শতাংশ। এতে উপজেলার সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সরকারি এ কলেজটি।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৪৮ দশমিক ৩৬ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাজী ফজলুল হক উইমেন্স কলেজ। ৪২ দশমিক ৪৭ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে হোসেনপুর কলেজ।
আরও পড়ুন: কলমাকান্দায় বসতঘর থেকে বিপুল পরিমাণ ভারতীয় রুপি উদ্ধার, আটক ১
এ ছাড়া ৪০ দশমিক ৫৪ শতাংশ পাসের হার নিয়ে চতুর্থ স্থানে সোনারগাঁও জি. আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ, ৩৯ দশমিক ০৫ শতাংশ নিয়ে পঞ্চম স্থানে সিনহা স্কুল অ্যান্ড কলেজ এবং ৩৩ দশমিক ৭৫ শতাংশ নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ।
তালিকার সপ্তম স্থানে রয়েছে বারদী স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির পাসের হার ২৮ দশমিক ৫৭ শতাংশ। অষ্টম স্থানে থাকা সোনারগাঁও আইডিয়াল কলেজের পাসের হার ২৭ দশমিক ০৯ শতাংশ। নবম স্থানে সোনারগাঁও নলেজ কিং কলেজের পাসের হার ২৬ শতাংশ। আর ২৩ শতাংশ পাসের হার নিয়ে দশম স্থানে রয়েছে সোনারগাঁও সরকারি কলেজ।
আরও পড়ুন: শাজাহানপুরে বীর মুক্তিযোদ্ধার কন্যার আবাসন স্বপ্ন পূরণ করলো ‘চেষ্টা’
এদিকে, সরকারি কলেজের এমন ফলাফল নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। অন্যান্য কয়েকটি বেসরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের তুলনায় সরকারি কলেজটির পাসের হার কম হওয়ায় শিক্ষার মান ও প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
অভিভাবকদের দাবি, সোনারগাঁওয়ের শিক্ষার মান উন্নয়নে পিছিয়ে পড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও সার্বিক তদারকি জোরদার করতে হবে। বিশেষ করে সোনারগাঁও সরকারি কলেজের ফলাফল উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।





