পীরগাছায় পাঠাগার ও ক্লাবে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, ক্ষতি ২ লাখ টাকা
রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পূর্বদেবু নেকমামুদ বাজারে জাগরণী পাঠাগার ও ক্লাবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন ওই এলাকার মৃত তাহের মিয়ার ছেলে আব্দুর রহিম ও তাঁর ছেলে নূরন্নবী মিয়া।
আরও পড়ুন: সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: জামায়াত আমির
জাগরণী পাঠাগার ও ক্লাবের সভাপতি আব্দুল করিম মিয়ার অভিযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উপজেলা জামায়াতের আমির ও তাম্বুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল বলেন, সংশ্লিষ্ট বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলমান রয়েছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন।
আরও পড়ুন: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
স্থানীয়দের মতে,পাঠাগার ও ক্লাবটি এলাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুর রহিম ও নূরন্নবী মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





