নতুন ইংরেজি নিউজ চ্যানেল ওয়াদা টিভিকে তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিল বিটিআরসি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ন, ২৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্যাটেলাইট টেলিভিশন সম্প্রচারের জন্য নতুন চ্যানেল ‘ওয়াদা টিভি’কে ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে সম্প্রচার কার্যক্রম শুরু করতে না পারায় ‘লাইভ টিভি’ ও ‘টিভি নেক্সট’-এর তরঙ্গ বরাদ্দ এবং যন্ত্রপাতি ব্যবহারের অনুমতির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিটিআরসির ৩১২তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

২৪ ঘণ্টার ইংরেজি নিউজ চ্যানেল হবে ওয়াদা টিভি

এমজিএইচ মিডিয়া লিমিটেডের মালিকানাধীন ওয়াদা টিভিকে ২৪ ঘণ্টার বেসরকারি স্যাটেলাইট ইংরেজি সংবাদ চ্যানেল হিসেবে পরিচালনার জন্য ৬ মেগাহার্জ তরঙ্গ বরাদ্দের অনুমোদন দিয়েছে বিটিআরসি।

আরও পড়ুন: প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

গত ২১ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটি স্থাপনের বিষয়ে সাময়িক অনাপত্তি দেয়। এরপর বাংলাদেশ স্যাটেলাইটের নির্ধারিত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের মধ্যে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার শর্তে ওয়াদা টিভির তরঙ্গ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।

মেয়াদ বাড়ল লাইভ টিভি ও টিভি নেক্সটের

নির্ধারিত সময়ে আপলিংকের তরঙ্গ বরাদ্দ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারের কার্যক্রম সম্পন্ন করতে না পারায় লাইভ টিভি ও টিভি নেক্সটের অনুমতির মেয়াদ বাড়িয়েছে বিটিআরসি।

মিনার্ভা মিডিয়া লিমিটেডের লাইভ টিভি বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও প্রস্তুতিগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মেয়াদ বাড়ানোর আবেদন করে। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার শুরুর অনাপত্তিপত্রের মেয়াদ ২০২৭ সালের ২৩ আগস্ট পর্যন্ত বাড়ায়। এর সঙ্গে সামঞ্জস্য রেখে বিটিআরসিও তরঙ্গ বরাদ্দ ও যন্ত্রপাতি ব্যবহারের অনুমতির মেয়াদ একই তারিখ পর্যন্ত বৃদ্ধি করেছে।

অন্যদিকে, ৩৬ মিডিয়া লিমিটেডের টিভি নেক্সটের জন্য আগে বরাদ্দ করা ৬ মেগাহার্জ তরঙ্গের মেয়াদ চলতি বছরের ২৭ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চ্যানেলটির সম্প্রচার শুরুর অনাপত্তিপত্রের মেয়াদ ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত বাড়ায়।

এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি টিভি নেক্সটের তরঙ্গ বরাদ্দ এবং যন্ত্রপাতি ব্যবহারের সাময়িক অনুমতিপত্রের মেয়াদও ভূতাপেক্ষভাবে ২০২৭ সালের ২৩ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।