কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফেল ১৫ প্রতিষ্ঠানে

Sadek Ali
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:১৯ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ০৪ শতাংশ। এ বছর বোর্ডের অধীনে মোট ৯২ হাজার ১৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন। তবে উদ্বেগজনক বিষয় হলো, বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে মাত্র চারটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

আরও পড়ুন: কুলাউড়ার সাবেক এমপি নবাব সরওয়ার খানের বড় ছেলে আর নেই

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৩টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৭ হাজার ৮৯০ জন অকৃতকার্য হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগে পাসের হার ৬৩ দশমিক ৮৩ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৪০ দশমিক ৭৩ শতাংশ এবং মানবিক বিভাগে ৪১ দশমিক ৪৫ শতাংশ।

আরও পড়ুন: গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে তুলনামূলক ভালো ফলাফল হলেও ইংরেজি ও উচ্চতর গণিত বিষয়ে শিক্ষার্থীদের ফলাফল আশানুরূপ হয়নি। বিশেষ করে এসব বিষয়ে দুর্বলতার কারণে সামগ্রিক ফলাফলে নেতিবাচক প্রভাব পড়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম বলেন, এ বছর বোর্ডের ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। অন্যদিকে শতভাগ পাস করেছে মাত্র চারটি প্রতিষ্ঠান। বিজ্ঞান বিভাগে ফলাফল তুলনামূলক ভালো হলেও ইংরেজি ও উচ্চতর গণিতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি।

শিক্ষাবিদদের মতে, ফলাফলের এই চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের প্রস্তুতি এবং বিষয়ভিত্তিক দুর্বলতা পর্যালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।