বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর বহরে হামলা, ৪৫ সেনা নিহতের দাবি বিএলএর

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর একটি বহরে বড় ধরনের হামলার ঘটনায় অন্তত ৪৫ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট জানায়, প্রদেশের মাসতুং এলাকার কাছে এ হামলার ঘটনা ঘটে।

তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও এখন পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি। ফলে বিএলএর দেওয়া নিহতের দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বিশ্বব্যাপী ইরানি এয়ারলাইনস বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

বিএলএ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর মূল বহর, বহরের নিরাপত্তায় নিয়োজিত সদস্য এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বালুচ দাবি করেন, বিবৃতি প্রকাশের সময়ও তাদের সদস্যদের সঙ্গে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ চলছিল। এ কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার পর পাকিস্তান সেনাবাহিনী ‘অপারেশন শাবান’ নামে একটি যৌথ অভিযান শুরু করেছে। এই অভিযানে সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর, বেলুচিস্তান পুলিশ, গোয়েন্দা সংস্থা এবং বিমানবাহিনীর সদস্যরা অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: সিরিয়ায় সামরিক অস্ত্রের ডিপোতে ধারাবাহিক বিস্ফোরণ

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এরই মধ্যে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি মীর ইয়ার বালুচ নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দাবি করেন, বেলুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে। তবে পাকিস্তান সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং এ দাবিরও স্বাধীনভাবে কোনো সত্যতা নিশ্চিত করা যায়নি।

ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী খনিজসমৃদ্ধ বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর অংশ গওয়াদর গভীর সমুদ্রবন্দর এই প্রদেশে অবস্থিত হওয়ায় অঞ্চলটির নিরাপত্তা নিয়ে বেইজিং ও ইসলামাবাদের উদ্বেগ বাড়ছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরু থেকেই বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে বিএলএ। অন্যদিকে কয়েকটি হামলায় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত থাকার দাবি করা হয়েছে।