জাপানে ভূমিকম্পে নিহত বেড়ে ১৩
জাপানের দক্ষিণাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মঙ্গলবার (২৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন।
সরকারি সূত্রের বরাতে কিয়োদো নিউজ জানিয়েছে, কাশিমা শহরের একটি শপিংমলে গ্যাস বিস্ফোরণের ফলে ভবনটির ছাদ ও দেয়ালের বড় অংশ ধসে পড়ে।
আরও পড়ুন: মার্কিন সেনাদের লক্ষ্য করে বিপ্লবী গার্ডের ‘সারপ্রাইজ অ্যাটাক’
শপিংমল পরিচালনাকারী প্রতিষ্ঠান এইওনের এক মুখপাত্র এএফপিকে জানান, ক্রেতা ও কর্মীরা ভবন থেকে বেরিয়ে যাওয়ার পর বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শপিংমল থেকে আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ইরাকে যৌথ হামলা চালাল সৌদি আরব ও যুক্তরাষ্ট্র
প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ জন আটকা পড়ার আশঙ্কা করা হলেও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, পুলিশের সর্বশেষ তথ্যে সেই সংখ্যা এর চেয়ে কম।
পুলিশ জানিয়েছে, কতজন এখনো আটকা রয়েছেন তা নিশ্চিত নয়। তবে কয়েকজন কর্মী ভবনের ভেতরে আটকে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ভবনের ভেতরে নিরাপদ প্রবেশপথ না থাকায় এখনো উদ্ধারকারী দল পুরোপুরি প্রবেশ করতে পারেনি।
এদিকে ইয়াতসুশিরোর নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কারখানায় একটি ধোঁয়ার চিমনি আংশিক ধসে পড়ার ঘটনায় নয়জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
কুমামোতো অঞ্চলে ২০১৬ সালের ভয়াবহ ভূমিকম্পের পর আবারও বড় ধরনের এই দুর্যোগে বুধবার সকাল পর্যন্ত ৩৬ হাজার ৮৮০টি পরিবার ও প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ৬.৮ এবং জাপান আবহাওয়া সংস্থা ৭.১ বলে জানিয়েছে।
ভূমিকম্পে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড, ভবন ধস, সেতু ক্ষতিগ্রস্ত হওয়া, একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়া এবং শতাব্দীপ্রাচীন কুমামোতো দুর্গের দেয়ালের অংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
ভূমিকম্পের পর কুমামোতো অঞ্চলের বহু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং শিনকানসেন বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়। কুমামোতো বিমানবন্দরও কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।
দুর্যোগ মোকাবিলায় জাপানের সামরিক বাহিনী ৩ হাজার ৬০০ সদস্য মোতায়েন করেছে। পাশাপাশি ২০টি বিমান দিয়ে আকাশপথে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।
উল্লেখ্য, জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। ২০১১ সালে দেশটিতে ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।





