রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ২:০১ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি আজ সোমবার (১ জুন) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অভিযোগ গঠন হলে বহুল আলোচিত এ মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।

গত ২৪ মে মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আজকের দিনটিকে অভিযোগ গঠনের শুনানির জন্য নির্ধারণ করেন। আদালত সূত্র জানিয়েছে, শুনানি শেষে অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন আদালত।

আরও পড়ুন: শিশু রামিসা হত্যায় নতুন নাম ডলার নিয়ে রহস্য তৈরি!

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দেন।

অভিযোগপত্রে সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অপরদিকে স্বপ্না আক্তারের বিরুদ্ধে অপরাধ সংঘটনে সহযোগিতার অভিযোগ উল্লেখ করা হয়েছে। তদন্তে প্রাপ্ত ডিএনএ প্রতিবেদন, ময়নাতদন্তের তথ্য এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

মামলার নথি অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর প্রথমে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোহেল রানা আদালতে দেওয়া জবানবন্দিতে অপরাধের কথা স্বীকার করেছেন। এখন অভিযোগ গঠনের শুনানির মাধ্যমে মামলাটি বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশ করতে যাচ্ছে।