আইনমন্ত্রীর সঙ্গে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ন, ০৬ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন, ০৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে বার অ্যাসোসিয়েশনের নেতারা সুপ্রিম কোর্টে কর্মরত আইনজীবীদের জন্য পর্যাপ্ত বসার ব্যবস্থা নিশ্চিত করতে একটি আধুনিক নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তার বিষয়টি আইনমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের মতে, বিদ্যমান অবকাঠামো ক্রমবর্ধমান সংখ্যক আইনজীবীর প্রয়োজন পূরণে যথেষ্ট নয়। তাই আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন নির্মাণ জরুরি।

আরও পড়ুন: মুগ্ধসহ ১১ হত্যা মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

জবাবে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন এবং আইনজীবীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলোর একটি। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবীদের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, সম্পাদক মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, সহ-সম্পাদক মোহাম্মদ সামসুল ইসলাম (মুকুল) ও মাকসুদ উল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য এইচ. এম. সানজিদ সিদ্দিক, এ. কে. এম. আজাদ হোসেন, মিসেস ওয়াহিদা আফরোজ চৌধুরী, মো. কবির হোসাইন, মো. জিয়া উদ্দিন মিয়া, মো. টিপু সুলতান ও আজিজ উদ্দিন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: গাজী নজরুলের বিষয়ে আদালত

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বিচার বিভাগের অবকাঠামোগত উন্নয়ন, আইনজীবীদের পেশাগত পরিবেশের উন্নয়ন এবং বিচারপ্রার্থীদের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সরকার ও আইনজীবী সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।